প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৩০ মার্চ , ২০২৫
এবার সতেরো বছর পর রাষ্ট্র এবং সরকারপ্রধানের একসঙ্গে ঈদের নামাজ আদায়ের সুযোগ এসেছিল, কিন্তু শেষমেশ তা হলো না।
দীর্ঘদিনের রীতির ভেঙ্গে সোমবার জাতীয় ঈদগাহে না গিয়ে বঙ্গভবনের মসজিদে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঈদের নামাজ পড়তে যাচ্ছেন জাতীয় ঈদগাহে।
গত অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগে সাড়ে ১৫ বছর সরকারপ্রধানের আসনে ছিলেন শেখ হাসিনা; কখনও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করা হয়নি তার।
সরকারপ্রধানের অবর্তমানে সাধারণত ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন রাষ্ট্রপতিরা।
এর আগে সর্বশেষ রাষ্ট্র ও সরকারপ্রধান একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছিলেন ২০০৮ সালের অক্টোবরে।
তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে ঈদ জামাতে অংশ নিয়েছিলেন সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
আবার সরকারপ্রধান হিসাবে জাতীয় ঈদগাহে বহুদিন পর নামাজ আদায় করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আগে ঘোষণা থাকলেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে জাতীয় ঈদগাহে যাচ্ছেন না, তা রোববার বিকালে সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
অপরদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাতে অংশ নেবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
পরে বিকাল ৪টায় তেজগাঁওয়ে মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরই মধ্যে রাজধানীতে জাতীয় ঈদগাহে জামাতের সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
শনিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেছিলেন, ”আমরা আশা করছি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুইজন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ গ্রহণ করবেন।”
জাতীয় ঈদগাহে প্রধান জামাতে একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। এখানে সকাল সাড়ে ৮টায় হবে প্রধান জামাত।