চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৬ এপ্রিল , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ পাহাড়ী শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত ইউপিডিএফ) এর বিরুদ্ধে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশের পাশাপাশি অপহৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।
বুধবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সংগঠনটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল আনুমানিক সাড়ে ৬টায় খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর সশস্ত্র সন্ত্রাসীরা।
অপহৃত শিক্ষার্থীরা হলেন- চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি স্রো। এরা সকলের বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে এবং একইসাথে অবিলম্বে অপহৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।
অপহৃত শিক্ষার্থীরা বিঝু উৎসব উপলক্ষে বন্ধুদের সাথে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেড়াতে যায়। বিঝু শেষে গতকাল ১৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসে। ঐদিন চট্টগ্রামগামী বাসের টিকিট না পাওয়ার কারণে তারা পাঁচজন খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করে। সকালে খাগড়াছড়ির কুকিছড়া থেকে টমটম গাড়ি যোগে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি আটকায় এবং টমটম গাড়ির ড্রাইভারসহ ৫ (পাঁচ) জন শিক্ষার্থীকে সেখান থেকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত পাঁচজন শিক্ষার্থীর মধ্যে রিশন চাকমা পিসিপির চবি শাখার একজন সদস্য।