প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১২ জানুয়ারী , ২০২৫
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দ্বিতীয় দফায় আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।
আগামী মঙ্গলবার থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তা সারাদেশের জন্য প্রযোজ্য হবে বলে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাঠে থাকা সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রথমবার ১৭ সেপ্টেম্বর দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।
পরে নৌ ও বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর কমিশনড পর্যায়ের কর্মকর্তাদেরও একই ক্ষমতা দিয়ে তা সশস্ত্র বাহিনীর জন্য প্রযোজ্য হবে বলে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এরপর প্রথম দফায় ১৬ নভেম্বর দুই মাস সময় বাড়ানো হয়।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে সারাদেশে মোতায়েন ছিল সেনাবাহিনী। ৫ অগাস্ট সরকার পতনের পর কারফিউ তোলা হলেও বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনা সদস্যদের মাঠ পর্যায়ে রেখে দেওয়া হয়। পরে যৌথবাহিনী অভিযানেও নামে।