জবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৬ জুন , ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ।”
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
রাকিব বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়কার ছাত্রলীগ নেতারা চাদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। তারা জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। অথচ আজ তাদেরই পুনর্বাসন করা হচ্ছে শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে।”
ছাত্রদল সভাপতি আরও বলেন, “ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ধারণা করছি, তিনি ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাহলে এতদিন পরে কিভাবে তার ছাত্রত্ব থাকে? এটা একটি ষড়যন্ত্রের অংশ।”
“বাংলাদেশে একটি গুপ্ত বাহিনী রয়েছে, যাদের ‘আলবাট্রস’ বাহিনী বলা যায়। জামায়াতে ইসলামীর যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, তারা আগে বলুন—ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সভাপতি ও সেক্রেটারি কোন সেশনের শিক্ষার্থী” জানতে চান রাকিব।
অনুষ্ঠানে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বহু গুম-খুনের শিকার হয়েছে। এখনো আমাদের তিনজন নেতা নিখোঁজ—তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি।”
জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীনের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান, পরাগ হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী।