জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৮ এপ্রিল , ২০২৫
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবং গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের পরিচালনায় এ সময় সংগঠনের নেতারা বক্তব্য দেন।
মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আমরা এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে বলতে চাই, যারা আমাদের মুসলমান ভাইবোনদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, তাদেরকে অবশ্যই আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনতে হবে।
“পাশাপাশি অবিলম্বে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করতে হবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল গাজাবাসী এবং ফিলিস্তিনের উপর চলা ইসরায়েলের গণহত্যা থেকে রক্ষার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিলা বৈশাখী বলেন, “ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের নারী-শিশু নির্বিশেষে সকল মানুষের উপর টার্গেটেড কিলিং চালাচ্ছে, এভাবে চলতে থাকলে ফিলিস্তিন নিশ্চিহ্ন হয়ে যাবে।
“গণতন্ত্রের কাণ্ডারি পরিচয় দেওয়ার আমেরিকার যেখানে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর কথা, আমরা দেখতে পাচ্ছি, সেখানে তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। ডনাল্ড ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতির ফলে ইসরায়েল গণহত্যা চালানোর আশকারা পেয়েছে।”