প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ অক্টোবর , ২০২৫
জুলাই সনদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা থেকে ওয়াকআউট করেছেন ডাকসু, জাকসু ও রাকসুর প্রতিনিধিরা। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। তাকে ‘ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে শিক্ষার্থী প্রতিনিধিরা সভা ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সপ্তম তলার সেমিনার কক্ষে বুধবার (২৯ অক্টোবর) ‘জুলাই চার্টার: ইয়ুথ পলিসি ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আইনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, জাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাকসুর জিএস মাজহারুল ইসলাম এবং ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইক হাতে এস এম ফরহাদ বলেন, “আজকের অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক আইনুল ইসলাম ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এমন একজন শিক্ষকের এখানে উপস্থিতি লজ্জাজনক। তাই আমরা ওয়াকআউট করছি।”
তিনি আরও বলেন, “অনুষ্ঠানের বিষয় ছিল জুলাই সনদ, অথচ এখানে উপস্থিত রয়েছেন একজন শিক্ষক যিনি জুলাইবিরোধী।”
অধ্যাপক আইনুল ইসলাম এ বিষয়ে বলেন, “সব ছাত্রনেতাই বক্তব্য দিয়েছেন, ফরহাদও দিয়েছেন। কিন্তু শেষে হঠাৎ আমাকে ‘স্বৈরাচারের দোসর’ বলা হলো। আমি নিয়মিত মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করি। এতে আমার মানহানি হয়েছে।”
তিনি দাবি করেন, ২০২৩ সালে ড. ইউনূস ইস্যুতে আওয়ামী লীগ–সমর্থিত নীল দলের ৮৬৬ শিক্ষকের স্বাক্ষরিত বিবৃতিতে তার নাম ভুলভাবে যুক্ত করা হয়েছে। “আমি কখনও ওই বিবৃতিতে সম্মতি দিইনি। হয়তো নীল দল মনে করেছে সবাই স্বাক্ষর করেছে, কিন্তু আমি করিনি,” বলেন অধ্যাপক আইনুল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল আইডিইএর ড. সুমিত বিসার্য।
ওয়াকআউটের পর শিক্ষার্থী প্রতিনিধিদের অনুপস্থিতিতেই অনুষ্ঠানের বাকি অংশ সম্পন্ন হয়।