প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ মার্চ , ২০২৫
এসএসসি ও সমমানের পরীক্ষার শুরুর দিন ১০ এপ্রিল থেকে সারাদেশে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়; যে নিষেধাজ্ঞা থাকবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশনার কথা বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের।
তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সর্বত্র সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।”
বাংলা প্রথম পত্রের মাধ্যমে আগামী ১০ এপ্রিল শুরু হবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
শিক্ষা সচিব বলেন, আগাম বন্যাপ্রবণ এলাকায় পরীক্ষা গ্রহণে ব্যাঘাত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে সতর্ক থাকতে হবে।”
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। গুজব প্রতিরোধে তাৎক্ষণিক জনসচেতনতা প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এসএসসির সূচিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষা আরাম্ভের তিন দিন আগে প্রবেশপত্র নিতে হবে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে।
তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পাস করতে হবে পৃথকভাবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ ‘সায়েন্টিফিক’ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় বসছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী।
এদের মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দেবেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দেবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে।