চবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৫ মে , ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি। আমরা কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি।”
বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এ সমাবর্তনে তাকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি.লিট) উপাধিতে ভূষিত করা হয়।
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার অধ্যাপক ইউনূসের হাতে ডি.লিট সনদ তুলে দেন।
সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজসহ অন্যরাও বক্তব্য দেন।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিনও এ সময় উপস্থিত ছিলেন।
দেশের ইতিহাসে সর্ববৃহৎ চবির এ সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।