বিশ্ববিদ্যালয় প্রবিবেদক, ইবি প্রকাশিত: রবিবার , ২ ফেব্রুয়ারি , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর ড.শাহিনুজ্জামান এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে রোববার বেলা ১১ টায় মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শিক্ষার্থীরা সমাবেশে মিলিত হন।
এ সময় তারা 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দালালি আর করিশ না, পিঠের চামড়া থাকবে না’, ‘আমার শিক্ষক আহত কেন, প্রশাসন জবাব চাই’-সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার চান। তারা বলেন, এই ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসী দেখতে চাই না।
জাস্টিস ফর জুলাইয়ের সদস্য সচিব রেজওয়ান আহমেদ বলেন, শনিবার রাতের তুচ্ছ একটি ঘটনার সমাধান তখনই হয়ে গেছে। তারপরও কিছু শিক্ষার্থীর উসকানিতে শিক্ষকদের ওপর হামলা ঘটনা ঘটে। তাদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবি জানান তিনি।
উল্লেখ্য, বাসের সিট ধরাকে কেন্দ্র করে ইবির দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শনিবার রাতে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, নিরাপত্তা কর্মকর্তা ও শিক্ষক আহত হয়েছেন।