প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৫ মার্চ , ২০২৫
পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে অতিরিক্ত আইজি পদমর্যাদার ১৮ জনের দায়িত্বে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়।
উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সিআইডি প্রধান মতিউর রহমান শেখ, এটিইউ প্রধান খন্দকার রফিক-উল-ইসলাম এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়াকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
সদর দপ্তরে বদলির তালিকায় আরও আছেন গত ১৭ ফেব্রুয়ারি প্রত্যাহার হওয়া যশোর জেলার এসপি জিয়াউদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের এসপি আ ফ ম আনোয়ার হোসেন খান, কক্সবাজারের এসপি মুহাম্মদ রহমত উল্লাহ এবং নীলফামারী জেলার এসপি মোহাম্মদ মোর্শেদ আলম।
এছাড়া, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমানকেও পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) আবুল ফজল মোহাম্মদ তারিক হোসেন খানকে নীলফামারী, উপকমিশনার রওনক জাহানকে যশোর, খুলনা রেঞ্জের ডিআইজি অফিসের কর্মকর্তা তোফায়েল আহমেদকে সুনামগঞ্জে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুদ্দিন শাহীনকে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি শোয়েব রিয়াজ আলমকে সারদা পুলিশ একাডেমিতে এবং শিল্প পুলিশের ডিআইজি মোহাম্মদ আশরাফুজ্জামানকে রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) কমান্ড্যান্ট হিসেবে পুনর্নিয়োগ করা হয়েছে।
এদিকে, সিআইডির ডিআইজি হারুন-অর-রশিদ হাজারীকে শিল্প পুলিশে এবং সারদা পুলিশ একাডেমির ডিআইজি রোখফার সুলতানা খানমকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।