চবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ২৭ সেপ্টেম্বর , ২০২৫
দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছুটি ঘোষণা করা হলেও থেমে নেই আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর প্রার্থীরা ক্যাম্পাসজুড়ে প্রচারণায় অংশ নেন।
দুপুরে বিজ্ঞান অনুষদ সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নামাজ শেষে তারা একত্র হয়ে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের কাছে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির–সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী সাইদ বিন হাবিব, ছাত্রদল–সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন, ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিস–সমর্থিত ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী তামজিদ উদ্দিন এবং ‘সর্বজনীন ছাত্র ঐক্য পরিষদ’ প্যানেলের ভিপি প্রার্থী সাঈদ মো. রেদোয়ান।
প্রচারণা প্রসঙ্গে ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী সাইদ বিন হাবিব বলেন, “আমরা শিক্ষার্থীদের কাছে ভোট ও দোয়া চাইছি। শিক্ষার্থীরা দারুণ সাড়া দিচ্ছেন।”
ছাত্রদল–সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেন, “দীর্ঘদিন পর ক্যাম্পাসে নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীরা এতে উচ্ছ্বসিত। আমরা ২৭ হাজার ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং তাদের আস্থা অর্জনের জন্য কাজ করছি।”
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসুর সপ্তম নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫২১ জন। প্রার্থী হয়েছেন ৯০৭ জন, আর ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মোট ১৩টি প্যানেল নির্বাচন করছে, যেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শিক্ষার্থীদের ধারণা, এবার লড়াই হবে প্যানেলভিত্তিক, তবে ভোট পড়বে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসান জুবাইর বলেন, “গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাসের পরিবেশ বদলে গেছে। এখন বিভিন্ন সংগঠন স্বাধীনভাবে কাজ করছে। আমরা সুষ্ঠু ভোটের প্রত্যাশায় আছি।”