রাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের প্রথমবর্ষীয় শিক্ষার্থীরা প্রক্টর অফিসে লিখিতভাবে র্যাগিংয়ের অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৩-২৪ ব্যাচের কয়েকজন সিনিয়র অন্তত তিন দিন ধরে বিভিন্ন দফায় তাদের র্যাগিং করেছে।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানান, সিনিয়ররা জুনিয়রদের প্রায় ১০–১৫ বার পরিচয় দিতে বাধ্য করে, পরিচয় নিশ্চিত হওয়ার পরেও তাদের উপহাস করা হয় এবং নির্দিষ্টভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি করে অশ্লীল ব্যঙ্গ করা হয়। স্কুলভিত্তিকভাবে জুনিয়রদের ১০ ধরনের হাসি দেওয়ার মতো অস্বাভাবিক কাজ করানো হয়; মারধরের হুমকি দেওয়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়—এমন তথ্য দাবি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবারও তারা র্যাগিংয়ের শিকার হয়েছেন। অভিযোগ অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে বসিয়ে রাখা হয় এবং খাবারও দেওয়া হয়নি। পরে প্রক্টরিয়াল বডি তাদের উদ্ধার করে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, “সিনিয়ররা বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি ও শারীরিক ভঙ্গিতে হয়রানি করেছে এবং গালিগালাজ করেছে।’’
অপরদিকে আরেক শিক্ষার্থী জানান, গত ৩ সেপ্টেম্বর রাতে বিনোদপুর এলাকার একটি মেসে প্রায় ১৮–২০ জন সিনিয়র প্রথমবর্ষের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
প্রক্টর মাহবুবুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিভাগের চেয়ারম্যান ও ২০২৩-২৪ ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।”
তিনি আরও বলেন, “আজ হাতেনাতে ধরেছি; যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”