শাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের দায়ে ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একজন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের জুনায়েদ মুস্তাফিজ অয়নকে ৪ সেমিস্টার, আর শরিফুজ্জামান খান আতিফ, সাবিদ আবরার তাজিম, অনিক আহমেদ, প্রীতম সাহা, সুয়েল রানা, যুবায়ের হোসেন তালুকদার জিম, মো. নাঈম মিয়া, বিকাশ চন্দ্র ধর ও মিঞা মোহাম্মদ সায়্যদুল বাশার রিফাতকে ২ সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, গত বছরের ২৭ নভেম্বর শহীদ মিনারে ডেকে নিয়ে জুনিয়রদের র্যাগিংয়ের অভিযোগে পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী কাজী তাসমিয়া হক আরিশাকে ৪ সেমিস্টার, আর একই বিভাগের ফারজানা মেহেরুন নুহা, তাসমিল্লাহ আলম মাইশা, লামিয়া ইসলাম জুঁই ও শ্রাবণী দে প্রীয়াকে আজীবন ছাত্রী হল থেকে সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, গত বছরের ১৪ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এক বাসায় র্যাগিংয়ের ঘটনায় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. সাগর হোসেন ও সাখাওয়াত হোসেনকে সরাসরি ঘটনার নেতৃত্ব দেওয়ার জন্য ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি একই বিভাগের শিবরাজ ত্রিপুরা, জুবায়ের আব্দুল্লাহ, রিয়াদুস সালেহীন রিয়ান, তন্ময় কর্মকার সাগর, ইয়াজউদ্দিন পাটোয়ারী ও নাফিস ইমতিয়াজ রুহানকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার এবং ভবিষ্যতে হলে সিট বরাদ্দ না দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, র্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে শাবিপ্রবি। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।