প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৫ অক্টোবর , ২০২৫
স্কুলের পরিবেশে সাজানো মঞ্চ, জাতীয় সংগীত আর অ্যাসেম্বলির আবহ—এভাবেই শুরু হয় ‘আইপিডিসি–প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’। বিশ্ব শিক্ষক দিবসের আগের দিন শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সাতজন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষককে দেওয়া হয় মরণোত্তর সম্মাননা।
২০১৯ সাল থেকে প্রতি বছর এই সম্মাননা দিয়ে আসছে প্রথম আলো ও আইপিডিসি। এবার ২ হাজার ৬৬২ জনের মনোনয়ন থেকে বিচারকমণ্ডলী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সাত শিক্ষককে বেছে নেন। তাঁরা হলেন—আজমীরা খানম (গোপালগঞ্জ), জগদীশ চন্দ্র রায় (দিনাজপুর), পারভীন আক্তার (ব্রাহ্মণবাড়িয়া), মো. আলাউদ্দিন (চাঁপাইনবাবগঞ্জ), মোছা. শাহানাজ পারভীন (ঝিনাইদহ), রনজিৎ চন্দ্র দাশ (কুমিল্লা) ও শেখ মনিরুজ্জামান (বাগেরহাট)। প্রত্যেকে পান ক্রেস্ট, উত্তরীয়, সনদ ও এক লাখ টাকার চেক। মরণোত্তর সম্মাননা পাওয়া তিন শিক্ষকের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও দেড় লাখ টাকার চেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অতিথিদের মধ্যে ছিলেন রাশেদা কে চৌধূরী, অধ্যাপক ম. তামিম, অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী, অধ্যাপক কায়কোবাদ প্রমুখ।
আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস শিক্ষকদের জন্য বিশেষ ঋণসেবা ‘প্রজ্ঞা’ চালুর ঘোষণা দেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, “আমরা সত্য প্রকাশে কাজ করে যাব, দেশের সফলতা দেখতে চাই।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিল্পী সানিয়া সুলতানা লিজা ও কিশোর দাস। বিদ্যালয়ের ঘণ্টা বাজিয়ে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় একই ঘণ্টা বাজিয়ে।