প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ ফেব্রুয়ারি , ২০২৫
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিটি সরকার ‘বিশেষভাবে বিবেচনা করছে’ বলে শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিলে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।
রোববার তারা ঢাকা উত্তর সিটি অবরোধে ‘বারাসাত বেরিকেড টু ঢাকা নর্থ সিটি’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার রাত ৮টায় ক্যাম্পাসের সামনে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মাহামুদুর রহমান মুক্তার বলেন, “তিতুমীরের দাবি প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়। সে দাবিতে আমরা অনড় থাকব। আমাদের অনশন কর্মসূচির ৭২ ঘণ্টা পার হয়ে গেছে। অনশনরতদের চারজন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
“আপনারা যদি আলোচনা করতে না চান, সরাসরি বলতে হবে। শুধুমাত্র সেই মুলা ঝুলাবেন না। সেই মুলা ঝুলানোর আশ্বাস শিক্ষার্থীরা শুনতে রাজি নন।”
আলোচনা চাইলে মন্ত্রণালয় থেকে ‘দায়িত্ববান’ কাউকে পাঠানোর আহ্বান জানিয়ে মুক্তার বলেন, “আপনারা দুইদিন আগে একজনকে পাঠিয়েছিলেন, তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন কিন্তু শিক্ষার্থীদের স্পন্দন বুঝলেন না। এমন অথর্ব কাউকে পাঠাবেন না যিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে প্রস্তুত না।”
তিনি বলেন, “যে নোটিস মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, সেটি আমরা প্রত্যাখ্যান করছি। কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীরা ওই অকার্যকর নোটিস গ্রহণ করে নেবে না।”
আন্দোলনকারীদের সাতটি দফা এক দফায় পরিণত হয়েছে জানিয়ে মুক্তার বলেন, “দায়িত্ববান কেউ আসবেন ও ঘোষণা দেবেন আজ থেকে তিতুমীর কলেজ রাষ্ট্রীয়ভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা দেওয়া হল।
নতুন করে কোনো কর্মসূচি দেওয়ার নেই জানিয়ে তাদের এই প্রতিনিধি বলেন, “আমাদের আমরণ অনশন চলছে। শুক্রবার যে কর্মসূচি ঘোষণা করেছিলাম, বারাসাত বেরিকেড টু ঢাকা নর্থ সিটি, তা চলবে যতদিন তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায়।
আগেই শিক্ষার্থীরা জানিয়েছিলেন, তারা রোববার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত অবরোধ ও আন্দোলন শিথিল রাখবেন।
সরকারি এই সাতটি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। সাত কলেজকে প্রতিষ্ঠানিক কাঠামোর রূপ দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানরে নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।
সরকারি এই সাত কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।