প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৩ জুলাই , ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে-বিপক্ষে চলছে তিনদিনব্যাপী গণভোট। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই গণভোটের আয়োজন করেছে ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’। বৃহস্পতিবার (২৪ জুলাই) পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ কার্যক্রম।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আব্দুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অথচ একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় ছাত্র সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “আমরা জানতে চাই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংসদ চায় কিনা। সেই লক্ষ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।”
সংগঠনটির আরেক সংগঠক সুজয় বিশ্বাস শুভ বলেন, “শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গণভোটের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত জানা যাবে। যদি অধিকাংশ শিক্ষার্থী ছাত্র সংসদের পক্ষে রায় দেয়, তবে পরবর্তী কর্মসূচি আলোচনা করে নির্ধারণ করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে স্থাপিত ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। আয়োজকদের দাবি, শিক্ষার্থীরা এ কার্যক্রমে উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত সেখানে কোনো আনুষ্ঠানিক ছাত্র সংসদ গঠিত হয়নি। শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র সংসদ গঠন নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন।