নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৪ এপ্রিল , ২০২৫
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে বুধবার (২৩ এপ্রিল) মতবিনিময় সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
সভায় উপাচার্য বলেন, “২৫ এপ্রিল থেকে আসন্ন ভর্তি পরীক্ষাকে ঘিরে আমাদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন। ভর্তিচ্ছুদের যেন কোনো প্রকার ভোগান্তি না হয়, সে লক্ষ্যে আমরা পরিবহণ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আবাসনের বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিয়েছি।”
যাতায়াতে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের বাসসমূহ বরাদ্দ থাকবে। যানজট নিরসনে চৌমুহনী ও সোনাপুর মোড়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
অধ্যাপক ড. ইসমাইল জানান, হোটেল ও যানবাহনের ভাড়া বৃদ্ধি রোধে তদারকি বাড়ানো হয়েছে। পরীক্ষা চলাকালে স্থানীয় কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাট রোধে পল্লীবিদ্যুৎ বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে।