জবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ৫ আগস্ট , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ সম্পূরক বৃত্তির নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও এখন পর্যন্ত এখানে কার্যকর ছাত্র সংসদ নেই। এটি শিক্ষার্থীদের মতপ্রকাশ, নেতৃত্ব বিকাশ ও অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থার পরিপন্থি। আমরা দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবি জানিয়ে আসলেও প্রশাসন সময়ক্ষেপণ করে যাচ্ছে।”
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “গত বুধবার দুই দিনের আলটিমেটাম দিয়েছিলাম জকসু নির্বাচন ও সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে। কিন্তু প্রশাসন কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাদের এই উদাসীনতা শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন ছাড়া কিছুই নয়। আমরা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “আজকের অবস্থান কর্মসূচি ছিল আমাদের দুই দফা দাবির অংশ। বৃহস্পতিবারের মধ্যে জকসুর নীতিমালা বিশেষ সিন্ডিকেট সভায় পাশ করে তা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। একইসঙ্গে সম্পূরক বৃত্তির তারিখ নির্ধারণ করতে হবে।”
এর আগে, গত রোববার (৩ আগস্ট) জকসু নির্বাচনের ত্বরান্বিত বাস্তবায়ন চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। একই দিন স্মারকলিপি দেয় ইউনাইটেড পিপলস অব বাংলাদেশের নেতাকর্মীরাও।
উল্লেখ্য, গত বুধবার (৩০ জুলাই) শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দুই কর্মদিবসের আলটিমেটাম দিয়ে প্রশাসনের প্রতি জকসু নির্বাচনের রোডম্যাপ ও বৃত্তির বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানান।