প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি , ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশের ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডাকা আজকের (বৃহস্পতিবার) বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঘোষণাটি দেওয়া হয়।
এতে বলা হয়েছে, “জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ। সুযোগ সন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশের ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হলো।”
এর আগে বুধবার রাতে বাংলামোটর মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। ওই সময় তিনি বলেন, তাতেও হামলাকারীদের বিষয়ে কোনো সুরাহা যদি না হয়, তাহলে ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ করা হবে।