প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১৮ নভেম্বর , ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর অনুচ্ছেদ ৬এ অনুযায়ী নিবন্ধনের সব শর্ত পূরণ করায় নির্বাচন কমিশন দল দুটি নিয়ে সন্তুষ্ট। ফলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জন্য ‘শাপলা কলি’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র জন্য ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ করা হয়েছে। নিবন্ধন নম্বর হিসেবে এনসিপিকে ০৫৮ ও সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ০৫৯ নম্বর দেওয়া হয়েছে।