শাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৭ এপ্রিল , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘মেরিন স্পেস্যাল প্ল্যানিং ফর এডভান্সিং সাস্টেইনেবল ব্লু গ্রোউথ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন শেষে একই জায়গায় প্রবন্ধ উপস্থাপকদের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশ্বের আটটি দেশের দুইশর বেশি অংশগ্রহণকারী বিভিন্ন বিষয়ের ওপর তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। ৮টি সেশনে মোট ১২৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
‘বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ এবং সোয়াচ অব নো গ্রাউন্ড সামুদ্রিক সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় সম্মেলন আয়োজনে সার্বিক সহায়তা করেছে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সম্পর্কিত জার্মান ফেডারেল মন্ত্রণালয়। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে জিআইজেড বাংলাদেশ।
এর আগে, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের উপপ্রধান উলরিখ ক্লেপম্যান, বাংলাদেশ বন বিভাগের ডেপুটি চিফ কনজারভেটর অব ফরেস্ট জাহিদুল ইসলাম, জিআইজেড বাংলাদেশের বায়োডাইভার্সিটি সেক্টরের কমিশন ম্যানেজার ড. স্টেফান আলফ্রেড গ্রোনিওল্ড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার এবং পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।