প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৭ জুলাই , ২০২৫
গোপালগঞ্জ জেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।
বুধবার দিবাগত রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলায় এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ঢাকা বোর্ডের অন্যান্য জেলা এবং অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এক পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপালগঞ্জ জেলার সব কেন্দ্রে আলিম ফিকহ প্রথম পত্র পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। দেশের অন্য সব জেলায় আলিম পরীক্ষা যথা নিয়মে হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকেও জানানো হয়েছে, গোপালগঞ্জে বৃহস্পতিবারের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, টেক্সটাইল, এইচএসসি (ভোকেশনাল) এবং বিএমটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অন্যান্য জেলার পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষা স্থগিতের নতুন সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে বলে জানানো হয়।