ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ২২ ফেব্রুয়ারি , ২০২৫
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী শ্মশান (পিয়ারপুর ফাইভ মার্ডার নামক স্থান) এলাকায় তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান। তিনি বলেন, 'বুকে ও মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়।
এদিকে হত্যার দায় স্বীকার করে চরমপন্থি সংগঠন ‘জাসদ গণবাহিনী’র নেতা কালু গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন।
খুদে বার্তা বলা হয়, “ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশে জানানো যাচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডুনিবাসী হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। এই অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক লিটন হোসেন রয়েছেন। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তারা সবাই চরমপন্থি দলের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।