জাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৯ জুন , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বছরের জানুয়ারি মাসে আয়োজন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো.কামরুল আহসান ।
শনিবার (২৮ জুন) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে ৪২তম বার্ষিক সিনেট সভায় বক্তব্যে প্রদানকালে তিনি এ তথ্য জানান।
উপাচার্য ড. মো.কামরুল আহসান বলেন, “২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। আমি ২০২৬ সালের জানুয়ারি মাসে সপ্তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।”
এর আগে জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সিনেট অধিবেশন শুরু হয়।
অধিবেশনে সিনেটের ৪১তম অধিবেশনের কার্যবিবরণী নিশ্চিতকরণ, ৪১তম বার্ষিক সভার ভার্বেটিম রিপোর্ট অনুমোদন বিবেচনা, ২০২৪-২৫ সালের (সংশোধিত) এবং ২০২৫-২৬ সালের (মূল) রেকারিং বাজেট অনুমোদন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের খসড়া বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়।