জাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৩ সেপ্টেম্বর , ২০২৫
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে বইছে নির্বাচনি আমেজ। কখনো ক্লাসরুম, অনুষদ কিংবা বটতলা-মুরাদ চত্বর, আবার দিনশেষে আবাসিক হলে ভোট চাইতে ছুটছেন প্রার্থীরা। ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এবারের নির্বাচনে মোট ১৮২ জন প্রার্থীর মধ্যে সংরক্ষিত আসনসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন নারী। তবে সর্বোচ্চ পদ সহ-সভাপতি (ভিপি) পদে কোনো নারী প্রার্থী নেই। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন দুজন নারী।
জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইন ও বিচার বিভাগের স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া এবং জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী সরকার ও রাজনীতি বিভাগের তানজিলা হোসাইন বৈশাখী। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে লড়ছেন আইবিএর ফারহানা বিনতে জিগার ফারিনা ও নৃবিজ্ঞান বিভাগের সৈয়দা মেহের আফরোজ।
সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মায়মুনা বিনতে সাইফুল ও মার্কেটিং বিভাগের ফাতেমা-তুজ-জোহরা। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্নতত্ত্বের সোমা ডুমরী, নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ইগিমি চাকমা। সমাজসেবা সম্পাদক পদে বাংলা বিভাগের আইরিন সুলতানা আঁখি এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে প্রাণরসায়নের লাবিবা মুবাশশিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারীদের সংরক্ষিত আসনেও আছেন অনেক মুখ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা, সিএসই-এর আঞ্জুমান আরা ইকরা, ইংরেজির লামিয়া রহমান তৈশীসহ আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহক্রীড়া সম্পাদক ও সহ-সমাজসেবা সম্পাদক পদেও একাধিক নারী প্রার্থী রয়েছে। কার্যকরী সদস্য পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তত ১৬ জন নারী শিক্ষার্থী।
জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আমরা আশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। তবে বাইরে থেকে নৈরাজ্যের চেষ্টা হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।”
ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নারী এজিএস প্রার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, “বিশ্ববিদ্যালয়ে অর্ধেক শিক্ষার্থী নারী। তাদের অনেকেই জানেন না কোথায় দাবি দাওয়ার কথা বলতে হবে। আমি তাদের কণ্ঠস্বর হতে চাই, সব মতের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ক্যাম্পাস গড়তে চাই।”
শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ বিরতির পর জাকসু নির্বাচন ফিরিয়ে এনেছে এক ধরনের প্রাণচাঞ্চল্য। নারী প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণও এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে।