প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২০ আগস্ট , ২০২৫
রাজশাহীতে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী প্রকাশ্যে এক শিক্ষককে ছুরি মেরেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে নগরের সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ে।
আহত শিক্ষক মারুফ কারখী (৩৪) রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক। ঘটনার সময় তাঁর ঘাড় ও হাতে আঘাত লাগে। বর্তমানে তিনি চিকিৎসা শেষে বাসায় আছেন।
জানা গেছে, অভিযুক্ত ওই কিশোরী একসময় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেই পড়ত। ২০২৩ সালে ‘উচ্ছৃঙ্খল আচরণের’ কারণে তাকে স্কুল থেকে টিসি (ছাড়পত্র) দেওয়া হয়। বর্তমানে সে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণিতে অধ্যয়ন করছে। টিসি দেওয়ায় ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের এক কর্মকর্তা জানান, ঘটনার দিন ছাত্রীটি স্কুলের সামনের রাস্তায় অপেক্ষা করছিল। স্কুল ছুটি হলে শিক্ষক মারুফ কারখী স্কুটি নিয়ে বের হলে মেয়েটি “হেল্প, হেল্প” বলে ডাকতে থাকে। সাহায্যের জন্য থামলে হঠাৎই সে শিক্ষকের গলায় ছুরি চালায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে মারুফ কারখীর হাতেও কেটে যায়। পরে স্থানীয়রা ছাত্রীটিকে আটক করে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
আহত শিক্ষককে দ্রুত রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তিনটি সেলাই দেওয়ার পর তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
পরবর্তীতে শিক্ষার্থীর অভিভাবককে ডেকে ঘটনার বিষয়ে জানানো হয় এবং পরিবারের জিম্মায় তাকে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, “ঘটনার বিষয়ে এখনো স্কুল কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি।”