ইবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ১১ এপ্রিল , ২০২৫
ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনাজপুর জেলার রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ছাত্রী জানান, বৃহস্পতিবার সকাল ৬টার বাস ধরার জন্য তিনি ভোর ৫টা ৩০ মিনিটে ইজিবাইকে করে কাউন্টারের উদ্দেশে রওনা দেন। পথে একটি নির্জন স্থানে পৌঁছালে হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে।
দুর্বৃত্তরা প্রথমে চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নেয় এবং চালককে বেঁধে ফেলে। পরে তার গলায় রামদা ধরে ভয় দেখিয়ে কাছে থাকা টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা আড়াই হাজার টাকা দিয়ে দেন।
ভুক্তভোগী ছাত্রী আরও জানান, ছিনতাইকারীরা তাকে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। ইজিবাইকে থাকা তার একটি লাগেজও নিয়ে যায় তারা, যাতে ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিল।