ঢাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৪ আগস্ট , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে দুটি সম্পাদকীয় পদে ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন দুই প্রার্থী। তারা হলেন রেহেনা আক্তার এবং লামিয়া আক্তার (লিমা)। দুজনই বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রেহেনা আক্তার। অন্যদিকে শামসুন নাহার হল সংসদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন লামিয়া আক্তার।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন ২১ আগস্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, দুটি হলে বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
রেহেনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সদস্য এবং এর আগে অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “খেলোয়াড় হিসেবে আমার পরিচিতি থাকায় বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে হলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।”
গণতান্ত্রিক ছাত্রসংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের জানান, “রেহেনার সঙ্গে আমাদের প্যানেলের কারও বোঝাপড়া হয়ে থাকতে পারে। তবে আমরা তাকে শুভাকাঙ্ক্ষী হিসেবেই দেখি।”
অন্যদিকে, শামসুন নাহার হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ছাত্রদলের প্রার্থী লামিয়া আক্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, “একটি নির্দিষ্ট পদে অন্য প্রার্থী না থাকা কাকতালীয়। আমরা কারও সঙ্গে কোনো সমঝোতা করিনি। প্রতিটি পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হলে নির্বাচন আরও প্রতিযোগিতামূলক হতো।”