প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৮ জানুয়ারী , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহতের ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার শিক্ষার্থীরা।
সোমবার রাত দেড়টার দিকে মূল ভবনের ২০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত মাসুদ রানা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মাসুদ রানা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে মুহসীন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে দাবি তুলে ধরেন হলের শিক্ষার্থীরা।
এ সময় তিনদিনের মধ্যে হলের সংস্কার কাজ শুরু এবং আগামী এক মাসের মধ্যে নতুন ভবন তৈরির উদ্যোগ নেওয়াসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি রেখেছেন শিক্ষার্থীরা।
মুহসীন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সাদিক বলেন, “শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার স্বার্থে আমরা দাবি তুলে ধরছি।“
মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি মেহেদী হাসান বলেন, "বাংলাদেশের মানুষ মশারি টানায় মশার ভয়ে কিন্তু মুহসীন হলে শিক্ষার্থীরা মশারি টানায় শুধুমাত্র মশা থেকে দূরে থাকার জন্য নয় তাদের মাথার উপর যেন ছাদ থেকে পলেস্তরা খসে না পড়ে, তার থেকে দূরে থাকার জন্য।"
এই হলকে ‘ঐতিহাসি’ বর্ণনা করে তিনি বলেন, “এ হলেই প্রথম, আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান দেয়া হয়েছে। আমাদের সুস্পষ্ট দাবি, মুহসীন হলে সংস্কার কাজ করতে হবে।“
এই শিক্ষার্থী বলেছেন, ২০১৪ সালের পর থেকে এই হলে কোনো সংস্কার কাজ হয়নি।
বিকাল ৪টার দিকে হলের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি জমা দিতে যান।
তখন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন।