জাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৪ আগস্ট , ২০২৫
৩৩ বছর পর আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। শনিবার (২২ আগস্ট) কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন সেনা ও বিজিবি সদস্যরা থাকবেন ২০ জন করে মোট ৪০ জন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করবেন। প্রতিটি ফটকে অন্তত পাঁচজন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। ঢাকা–আরিচা মহাসড়কসংলগ্ন মীর মশাররফ হোসেন হল ফটক, জয় বাংলা ফটক ও বিশমাইল ফটকে থাকবেন ১০ জন করে পুলিশ সদস্য। প্রতিটি কেন্দ্রে পাঁচজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
জাকসুর ২৫টি পদে এবং ২১টি আবাসিক হলে ১৫টি করে পদে ভোট হবে। নির্বাচনে মোট ২৭৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। ২৪ আগস্ট (রোববার) থেকে যাচাই–বাছাই শুরু হবে এবং ২৫ আগস্ট প্রকাশিত হবে খসড়া প্রার্থী তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন, এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৮১৭ জন বা প্রায় ৪৯ শতাংশ।