পবিপ্রতি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ১৭ আগস্ট , ২০২৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি ও জিএসটি গুচ্ছের অধীনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কৃষি গুচ্ছের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২৫ আগস্ট, আর জিএসটি গুচ্ছের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৬ আগস্ট। ক্লাস শুরুর ১৪ দিনের মধ্যে উপস্থিত না হলে শিক্ষার্থীদের ভর্তি বাতিল বলে গণ্য হবে।
শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি গুচ্ছের শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টেশন ক্লাস ২৫ আগস্ট এবং জিএসটি গুচ্ছের শিক্ষার্থীদের জন্য ২৬ আগস্ট সকাল ১০টায় টিএসসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। এরপর ২৭ আগস্ট থেকে শিক্ষার্থীরা নিজ নিজ অনুষদে নির্ধারিত একাডেমিক প্রোফাইল অনুযায়ী নিয়মিত ক্লাসে অংশ নেবেন।
আবাসিক শিক্ষার্থীদের জন্য জানানো হয়েছে, ২৪ আগস্ট থেকে প্রভোস্ট অফিসে যোগাযোগ করে হলরুমের অ্যাটাচমেন্ট নিতে হবে। আসন বণ্টন হবে মেধানুসারে এবং সিট প্রাপ্তির ওপর নির্ভর করবে। এজন্য শিক্ষার্থীদের ভর্তি সময় প্রাপ্ত Acknowledgement Slip ও হল ফি প্রদানের রশিদ সঙ্গে আনতে হবে।
এছাড়া গত ২০ জুলাই অনস্পট ভর্তি হওয়া শিক্ষার্থীদের ১৮ আগস্টের মধ্যে অনলাইনে (admission.pstu.ac.bd) ভর্তি ফরম পূরণ করতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে তাদের জন্যও, যারা কৃষি গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশনের মাধ্যমে পবিপ্রবিতে এসেছেন। এই শিক্ষার্থীদেরকে পূর্বের বিশ্ববিদ্যালয়ে দেওয়া ফি-সংক্রান্ত রশিদও অনলাইনে আপলোড করতে হবে।
ফরম যাচাই শেষে শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে Acknowledgement Slip ডাউনলোড করতে পারবেন এবং সেটি প্রিন্ট করে আনতে হবে। যদি কারও ভর্তি ফি আংশিক কম জমা হয়ে থাকে, তবে বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী তা পরিশোধ করতে হবে। পরে ডিন অফিস থেকে প্রয়োজনীয় ১০টি ফরম সংগ্রহ করে যথাযথ স্বাক্ষরসহ জমা দিতে হবে।