মানিক হোসেন, ইবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৫ জানুয়ারী , ২০২৫
বাগ্বিতণ্ডা এক পর্যায়ে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে।
এঘটনার প্রতিবাদে বিশ্ববিলয়টির শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী গড়াই ও রুপসার ৫টি বাস আটকে রেখেছে।
গড়াই পরিবহনের হেলপার, ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের লোকজন সম্মিলিতভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদকে মারধর করেছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।
প্রতিবাদে বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় প্রধান ফটকের সামনে থেকে বাসগুলো আটক করা হয়। ভুক্তভোগী
আসিফ জানান, বেলা আনুমানিক ১১টার দিকে তিনি তার স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশ্যে গড়াই পরিবহন উঠেন। ড্রাইভার গাড়ি দ্রুত চালালে আসিফ তার প্রতিবাদ করে গাড়ির গতি কমাতে বলেন। এ ঘটনায় পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাকে ড্রাইভার ও হেলপার মিলে মারধর করে। পরে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় গেলে সেখানে আসিফকে নামিয়ে পুনরায় ড্রাইভার, হেলপার এবং কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন মিলে মারধর করেন।
শিক্ষার্থীরা জানান, বাসের লোকজন বরাবরই শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। শিক্ষার্থীদের ভাড়া হাফ পাশ থাকলেও তারা ভাড়া কম নিতে চান না। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ বিষয়ে মালিক শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে। আশা করছি দ্রুত একটা সমাধান হবে।