প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ জানুয়ারী , ২০২৫
কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় উন্নীত করার দাবিতে সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর সড়ক অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার রাতেও অব্যাহত ছিল।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করে অবরোধ প্রত্যাহারের অনুুরোধ করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামান।
তবে শিক্ষার্থীরা বলছেন, ওই আশ্বাসে তারা সড়ক অবরোধ ও অনশন কর্মসূচি প্রত্যাহার করবেন না।
আন্দোলনকারীদের একজন কলেজটির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোমান বলেন, “আমরা তাদের আশ্বাসে বিশ্বাস করি না। তারা এ আশ্বাস আগেও বহুবার দিয়েছেন। আমরা কর্মসূচি চালিয়ে যাব।”
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে কলেজের মূল ফটকের সামনের সড়ক আটকে বিক্ষোভ করছেন তিতুমীরের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অনশনরতরাও রয়েছেন। রাত ১১টায়ও কলেজের সামনে তাদের অবস্থান করতে দেখা গেছে।
তাদের এই অবরোধের কারণে দিনভর রাজধানীর গুলশান-বনানী, মহাখালী, তেজগাঁও, বিজয় সরণি, জাহাঙ্গীর গেইট ও মগবাজার এলাকায় তৈরি হয় ভয়াবহ যানজট। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারীরা। রাতেও মহাখালী এলাকায় ধীরগতিতে গাড়ি চলতে দেখা যায়।