প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৫ এপ্রিল , ২০২৫
ঈদুল ফিতর উপলক্ষে এবার ঢাকা থেকে বেরিয়ে গ্রাম ও দেশবিদেশে গেছেন এক কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী।
গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী ঢাকার বাইরে যাওয়ার তথ্য দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
নিজের ফেইসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাতে ফয়েজ লিখেন, “ঈদের ছুটির সাত দিনে এক কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।”
ওই পোস্টের সঙ্গে ফয়েজ আহমদ চার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের সিমধারীরদের সাত দিনে ঢাকা ছাড়ার একটি বিস্তারিত হিসাব দিয়েছেন।
তাতে দেখা যায়, ২৮ মার্চ থেকে ঈদের দিন ৩১ মার্চ পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিমধারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল ছাড়েন ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিমধারী। সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিমধারী ঢাকা ছাড়েন ৩০ মার্চ।
এ সাত দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিমধারী। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সবচেয়ে বেশি ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ সিমধারী ঢাকায় ফিরেছেন।
সিমধারী বলতে একক মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাদের সঙ্গে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা থাকতে পারে; যাদের অনেকে মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।