রাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৮ জানুয়ারী , ২০২৫
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে দিকে এ ঘটনা ঘটে বলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের নাম মো. সালাম (২৫)। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার দড়িপাড়া গ্রামের আয়নুল হকের ছেলে। রুয়েটের নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে রডের কাজ করছিলেন সালাম। কাজ করার এক পর্যায়ে ৮টার দিকে হটাৎ করে ৫ তলার ছাদ থেকে পড়ে যান। পরে সাইটের কর্মরতরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এসময় তিনি কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন।
ডা. শংকর বলেন, "মাথা থেতলানো ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
রুয়েটের প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী বলেন, "মৃত্যুর সংবাদটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি ছিল। আমাদের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা না করায় দায়িত্বরত ঠিকাদারকে বহিষ্কার করেছি। তাছাড়া একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তবে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। তাছাড়া কর্মরত সব শ্রমিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছেন তারা।