প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ ফেব্রুয়ারি , ২০২৫
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন। ১৬ মার্চ পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আন্তোনিও গুতেরেসের এই বাংলাদেশ সফর।
নিউইয়র্ক থেকে বাংলাদেশের স্থায়ী মিশন বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও এই সফরের তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ১৬ মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
জানা গেছে, এই সফরে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন।