চবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ২৬ সেপ্টেম্বর , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচারণায় শিক্ষার্থীদের প্রধান যাতায়াত মাধ্যম শাটল ট্রেন এখন পরিণত হয়েছে নির্বাচনী প্রচারণার প্রাণকেন্দ্রে।
আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনভর এই ট্রেনে চলেছে প্রার্থীদের প্রচারণা। আঁকাবাঁকা রেলপথ ধরে প্রতিদিন ১৮ বার চলাচলকারী এই শাটল ট্রেনে প্রতিধ্বনিত হয়েছে ভোট, দোয়া ও সমর্থনের আহ্বান।
প্রথম দিন থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসের হল, অনুষদ ভবন, ঝুপড়ি ও ট্রেনের বগিতে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত শাটলের প্রতিটি বগিতেই ছিল নির্বাচনী উচ্ছ্বাস।
ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন ও জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেনসহ অন্যান্য প্রার্থীরা দুপুরে শাটলের এক বগিতে প্রচারণা চালান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, প্রশ্নের উত্তর দেন এবং নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি দেন। সাজ্জাদ হোসেন বলেন, “শিক্ষার্থীরা পরিবর্তন চান, আমরা তাঁদের চাওয়া শুনছি। সাড়া দারুণ।”
অন্যদিকে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থীরাও দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণা শেষে শাটল ট্রেনে ওঠেন। বেলা একটার ট্রেনে শহরের দিকে রওনা হয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন, দোয়া চান। তাঁদের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন বলেন, “আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের আস্থা অর্জনের চেষ্টা করছি। আশা করি ভালো ফলাফল পাব।”
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন–সমর্থিত প্যানেলের প্রার্থীরাও বিভিন্ন বগিতে প্রচারপত্র বিলি করেন। একই দিনে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থীরা অনুষদ পরিদর্শনের পর শাটল ট্রেনে প্রচারণা চালান। এছাড়া ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থীরা তিনটি ঝুপড়িতে ঘুরে ভোটারদের সমর্থন চান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের সপ্তম নির্বাচন আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন।