জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
গত দুই দিন ধরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় কয়েকশ নারী শিশু নিহত হওয়ার ঘটনায় মধ্যরাতে ছাত্র বিক্ষোভে কেঁপে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বুধবার (১৯ মার্চ) রাত ১০টায় প্রতিবাদী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল স্লোগানের মাধ্যমে বিক্ষোভ শুরু করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বর হামলা চলছে। এক রাতের হামলায় গাজা অঞ্চলের অন্তত চারশ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আব্দুর রশিদ জিতু বলেন, “বহু অন্যায় আমরা সহ্য করেছি, জাতিসংঘ নামে যে মুলার সংগঠন আমাদের কাছে মানবতার ছবক নিয়ে আসে অথচ যেখানে মানবতা লঙ্ঘন হচ্ছে সেখানে তাদের কোন কার্যক্রম আমাদের চোখে পড়ে না। জাতিসংঘের এই নির্লিপ্ততাকে তীব্র ঘৃণাসহকারে প্রত্যাখ্যান করছি।”
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদেরকে ‘ফ্রম দ্য রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ওয়ান টু থ্রি ফোর - জায়োনিজম নো মোর’, ‘জাস্টিস-জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ইন্তিফাদা-ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফ্রি-ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘হামাসের যোদ্ধারা, লও লও লও সালাম’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
৪৮তম আবর্তন শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, "আজকে আমেরিকা, ইসরায়েলের মতো দেশ টেরোরিজম, সন্ত্রাসবাদ এর কথা বলে। অথচ আমরা দেখি তারাই সন্ত্রাসবাদের ধারক বাহক। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা এসব সন্ত্রাসবাদ, টেরোরিজম এর বিরুদ্ধে সদা সোচ্চার। আমরা যেকোনো ধরনের সন্ত্রাসবাদ রুখে দিতে প্রস্তুত এবং ভবিষ্যতে এরকম কোনো সুযোগ আসলে আমরা তা লুফে নিতে দু’বার ভাববো না।
জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমাদের ফিলিস্তিনের ভাই ও বোনেরা রমজানে ঠিক মতো সেহেরী এবং ইফতার করতে পারছে না। ইসরাইলের সন্ত্রাসীরা তাদেরকে বিমান হামলার মাধ্যমে নির্মমভাবে হত্যা করছে। তাদের হত্যাকাণ্ড থেকে রেহাই পাচ্ছেনা শিশুরাও।
আলী জাকি শাহরিয়ার বলেন, “আমি জানি ইহুদিদের ইতিহাস আল্লাহর অবাধ্যতার ইতিহাস। বারবার শাস্তি পেয়েও অবাধ্যতার ইতিহাস। আল্লাহ তাদের অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা করেছেন। আমরা মুসলিম জাতি বদর, উহুদে লড়াই করেছি, মক্কা বিজয় করেছি। আমাদের কোন পরাজয়ের ইতিহাস নেই। পার্শ্ববর্তী দেশে হিন্দুত্ববাদীরাও মুসলিমদের নির্যাতন করছে। আমরা চাই এসব বন্ধ হউক।