চবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২১ সেপ্টেম্বর , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন মোড় এসেছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস যৌথভাবে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। একই দিনে আংশিক প্যানেল দিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা একটার দিকে কলা অনুষদের ঝুপড়ির সামনে সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদের শাখা আহ্বায়ক তামজিদ উদ্দিন প্যানেল ঘোষণা করেন। তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি সাকিব মাহামুদ।
এ সময় নেতারা জানান, শুরুতে ছাত্র অধিকার পরিষদ নিজস্ব পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও পরবর্তীতে সব শ্রেণির শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার জন্য ইসলামী ছাত্র মজলিসের সঙ্গে জোট বাঁধা হয়েছে।
জিএস প্রার্থী সাকিব মাহামুদ বলেন, তারা এখনো নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কিত। প্রক্টরিয়াল বডির ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি প্রক্টরসহ সংশ্লিষ্ট সদস্যদের পদত্যাগ দাবি করেন। তার ভাষায়, “লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
এই জোটের প্যানেলে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকছেন ছাত্র অধিকার পরিষদের সদস্যসচিব মো. রোমান রহমান। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি, দপ্তর, ছাত্রীকল্যাণ, প্রযুক্তি, গবেষণা, সমাজসেবা, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, ক্যারিয়ার ডেভেলপমেন্টসহ প্রায় সব পদেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্য পদেও চারজনের নাম চূড়ান্ত করা হয়েছে।
অন্যদিকে, দুপুরে চাকসু ভবনের সামনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট তাদের আংশিক প্যানেল ঘোষণা করে। এ প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘রেভল্যুশন ফর স্টেট অব হিউম্যানিটি’। সংগঠনের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ ভিপি পদে এবং সাংগঠনিক সম্পাদক কাজী শাহরিয়ার উল্লাহ জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজিএস প্রার্থী হচ্ছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোনায়েদ শিবলী।
সংগঠনের শাখা সভাপতি জুয়েনা সুলতানা বলেন, “আমাদের লক্ষ্য হলো মানবতাবিধ্বংসী স্বৈর রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে শিক্ষা ও সমাজকে সুরক্ষা দেওয়া। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহির অভাবই বিশ্ববিদ্যালয়ের সংকটের মূল কারণ।”
আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।