রাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১২ আগস্ট , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগে শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে উপাচার্যের বাসভবনের ফটকে তালা দিয়েছেন শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বুলবুল রহমান। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা পর প্রক্টরিয়াল দলের সদস্যরা তালা খুলে দেন।
বুলবুল রহমান অভিযোগ করেন, ২০২৫ সালের নতুন সার্কুলারে উর্দু বিভাগে ৩ জন নিয়োগের কথা উল্লেখ থাকলেও ৬ জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে। সোমবারের সিন্ডিকেট সভায় এই নিয়োগ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, “বিজ্ঞপ্তিতে তিনজনের কথা বলা হলেও লিখিত পরীক্ষায় ছয়জনকে উত্তীর্ণ করে সাক্ষাৎকারে ডাকা হয়েছে। ২০২৩ সালের বিজ্ঞপ্তি ২০২৫ সালে পুনরায় প্রকাশ করা হয়েছে, অথচ বিভাগে কোনো পদ শূন্য নেই। উপাচার্যের সঙ্গে ফোনে কথা বললে তিনি বিষয়টি গোপনীয় বলে এড়িয়ে যান। তাই প্রতিবাদস্বরূপ উপাচার্যের বাসভবনে তালা দিয়েছি।”
এ বিষয়ে রাবি সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “২০২৩ ও ২০২৫ সালের পৃথক দুটি বিজ্ঞপ্তির ভিত্তিতে ছয়জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।”
প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করছে। উপাচার্যের বাসভবনে সোমবার সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল, যেখানে কয়েকটি বিভাগের শিক্ষক নিয়োগ অনুমোদন দেওয়া হবে। সেই সভায় বাধা দেওয়ার উদ্দেশ্যে তিনি তালা মেরেছেন। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তাঁর এমন আচরণ শোভনীয় হয়নি।”
উল্লেখ্য, সোমবার রাতেই উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা শুরু হয়, যেখানে কয়েকটি বিভাগের শিক্ষক নিয়োগ চূড়ান্ত অনুমোদনের কথা রয়েছে।