চবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ৮ জুলাই , ২০২৫
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে তার ক্যাম্পাসের দুই বন্ধু।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কেএম সাদমান রহমান সাবাব চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি ঢাকার মিরপুরে। সাবাবের দুই নিখোঁজ বন্ধু হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের বাড়ি বগুড়ায়। তিনজনই চবির শহিদ মো. ফরহাদ হোসেন হলের বাসিন্দা।
কক্সবাজার হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু বলেন, “বন্ধুরা মিলে উত্তাল সাগরে নেমেছিলেন। স্রোতে তিনজনই তলিয়ে যায়। একজনের লাশ ভেসে আসলেও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।”
মৃত সাবাবের বন্ধু আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, “প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার (৭ জুলাই) তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যান।”
“ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুজন দৌড়ে ছাতার নিচে চলে আসলেও বাকি তিনজন সাগরে থেকে যায়। বারবার তাদের ডাকার পরও তারা ‘আসছে, আসছে’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।”
রিয়াদ বলেন, “কিছু সময় পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। অন্য দুইজনকে পাওয়া যাচ্ছে না।”