রাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৭ সেপ্টেম্বর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ হবে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০ বুথে। ভোট শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে গণনা এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।
১৬ (সেপ্টেম্বর) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এবং রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু সুফিয়ান সাংবাদিকদের এসব তথ্য জানান।
ভোট গ্রহণের স্থানগুলোর মধ্যে রয়েছে—মমতাজউদ্দিন একাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলাভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন, জামাল নজরুল একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশচন্দ্র একাডেমিক ভবন ও জুবেরী ভবন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। নিরাপত্তা ব্যবস্থায় তিন স্তরের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রক্টর বলেন, ভোটকেন্দ্র, ক্যাম্পাস এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচয়পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার জানান, নির্বাচনের দিন ক্যাম্পাসে প্রায় দুই হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে গোয়েন্দা দল নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পুরো ক্যাম্পাসে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হবে।
উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “রাকসু নির্বাচনের স্বচ্ছতা ও পরিবেশ নিয়ে দেশবাসীর কৌতূহল রয়েছে। গণমাধ্যমের মাধ্যমে সবাই জানতে পারবে নির্বাচন কীভাবে হচ্ছে।” সাংবাদিকদের সুবিধার্থে প্রেস কর্নারে ইন্টারনেট সংযোগসহ সব প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।