ইবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১৯ জুলাই , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চ লাইট মিছিল করেছে শাখা ছাত্রশিবির। শুক্রবার (১৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন শিবিরের ইবি শাখা সভাপতি মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ সংগঠনটির পাঁচ শতাধিক নেতা-কর্মী।
সমাবেশ থেকে ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাজিদের লাশ কেন পুকুরে, তদন্ত চাই-তদন্ত চাই’ স্লোগান দেওয়া হয়।
বক্তারা বলেন, ক্যাম্পাসে নিরাপত্তার অভাবে আমরা আর লাশ দেখতে চাই না। ক্যাম্পাসে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটছে।
শাখা সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমরা আজ কোনো সংগঠনের দাবি নিয়ে নয়, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে এখানে দাঁড়িয়েছি। প্রশাসন ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন না দিলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে। ক্যাম্পাসে শতভাগ লাইটিং না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। ফান্ড না থাকলে আমাদের বলুন, আমরা শিক্ষার্থীরা ভিক্ষা করে সেই অর্থ জোগাড় করব। কিন্তু নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আপনারা শহীদদের রক্তের ঋণে প্রশাসনে বসে আছেন, সেই রক্তের মর্যাদা রাখতে না পারলে সাধারণ শিক্ষার্থীরা আরেকটি ‘জুলাই আন্দোলন’ গড়ে তুলবে।”
মিছিল শেষে শিক্ষার্থীরা নিরাপদ ও শতভাগ আবাসিক ক্যাম্পাস বাস্তবায়নের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন।