ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২ সেপ্টেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘১২ মাস, ৩৬ সংস্কার’ শীর্ষক এই ইশতেহার ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খান। এ সময় প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস প্রার্থী এস এম ফরহাদসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
ঘোষিত ইশতেহারের মূল প্রস্তাবনার মধ্যে রয়েছে—
- ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা এবং প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন
- ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ফ্যাসিবাদের দোসরমুক্ত’ করা
- ফ্যাসিবাদের কাঠামো ও সংস্কৃতির পুনরুৎপাদন রোধ করা
- গেস্টরুম-গণরুম কালচার বন্ধ করা।
এ ছাড়া ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িতদের শাস্তি, সাম্য, মোফাজ্জল ও আবু বকর হত্যাসহ অতীতের সব নিপীড়নের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে প্রস্তাব রাখা হয়েছে—
- প্রথম বর্ষ থেকে সবার জন্য বৈধ সিট নিশ্চিতকরণ
- অস্থায়ীভাবে ভাড়া হোস্টেল বা আবাসন ভাতা চালু করা
- স্থায়ীভাবে নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়া।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়েছে—
- হল ও ক্যাফেটেরিয়ায় পুষ্টিবিদের তত্ত্বাবধানে স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবার সরবরাহ এবং নিয়মিত মান পরীক্ষা
- প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যান্টিন
- আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ‘মিল ভাউচার’
- নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহণ নিশ্চিত করা।
নারী শিক্ষার্থীদের অধিকার ও সুরক্ষা নিয়ে আলাদা কিছু প্রস্তাবও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—
- ছাত্রী হলে পুরুষ কর্মচারীর সংখ্যা কমানো
- প্রক্টরিয়াল টিমে নারী সদস্য নিয়োগ
- ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা
- অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ
- মা শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি
- ব্রেস্ট ফিডিং রুম ও চাইল্ড কেয়ার কর্নার
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে জোটটি প্রতিশ্রুতি দিয়েছে ‘পেপারলেস রেজিস্ট্রার বিল্ডিং’ গড়ে তোলার এবং উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস চালু করার।
শিবির সমর্থিত এই প্যানেল জানিয়েছে, ডাকসু নির্বাচনে জয়ী হলে নির্ধারিত সময়ের মধ্যে এসব সংস্কার বাস্তবায়নে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।