চবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৪ আগস্ট , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক, এক কর্মকর্তা ও চার কর্মচারীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (১ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি প্রথমে প্রকাশ না পেলেও রোববার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে এখনো বরখাস্তের আনুষ্ঠানিক আদেশ ইস্যু করা হয়নি বলে জানান তিনি।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন :
সাইফুল ইসলাম সরকার, সহকারী অধ্যাপক, সমুদ্রবিজ্ঞান বিভাগ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়বিষয়ক কমিটির সদস্য। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীবিরোধী অবস্থান গ্রহণ ও অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে।
গোলাম কিবরিয়া, ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত)। তার বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বলে রেজিস্ট্রার জানিয়েছেন।
তানভীর আহমেদ, নিম্নমান সহকারী, হিসাববিজ্ঞান বিভাগ।
সায়ন দাশগুপ্ত, নিম্নমান সহকারী, ক্রীড়াবিজ্ঞান বিভাগ।
পারভেজ হাসান, নিম্নমান সহকারী, শিক্ষকদের ব্যক্তিগত নথি শাখা।
মাহফুজুর রহমান, উচ্চমান সহকারী, হিসাব নিয়ামক দপ্তর।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, “পূর্বে রেজিস্ট্রার কার্যালয়ে যারা অরাজকতা সৃষ্টি করেছিলেন, অফিসে তালা দিয়েছিলেন ও দুর্ব্যবহার করেছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে কমিটি সুপারিশ দেয়। সেই সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।”
বিশেষ করে শিক্ষক সাইফুল ইসলাম সরকারের বিষয়ে তিনি বলেন, “তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তদন্ত প্রক্রিয়াধীন। প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”