মানিক হোসেন, ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৩ এপ্রিল , ২০২৫
আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এই কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত স্মার্ট আইডি কার্ড প্রস্তুত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার অধ্যাপক মো. মনজুরুল হক।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. শাহীনুজ্জামান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর মো. শরিফুল ইসলাম এবং কমিটির সদস্য-সচিব ও আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আহমেদ আব্দুস সাকির মল্লিকসহ সেলের কর্মকর্তারা।
আইসিটির সেলের পরিচালক ও স্মার্ট আইডি কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহজাহান আলী জানিয়েছেন, অটোমেশন এবং প্রযুক্তিগতভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার বর্তমান প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এই কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।