প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২ জুলাই , ২০২৫
ঢাকায় জুলাই পদযাত্রার প্রচারণার ভ্যানে মধ্যরাতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনার পর বুধবার রাত সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির প্রধান কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে প্রায় অর্ধশত নেতাকর্মীর মিছিলটি শাহবাগে মেট্রোস্টেশনের নিচে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সারাদেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এরই অংশ হিসাবে ঢাকায় ডিজিটাল ডিসপ্লে দিয়ে ভ্যান সাজানো হয়েছে।
“বুধবার রাত ১২টার কিছু সময় আগে বাংলামোটরে দাঁড় করিয়ে রাখা জুলাই পদযাত্রার ভ্যানে দুর্বৃত্তরা হাতবোমা ছুড়ে চলে যায়। এতে ভ্যানের লাখ টাকা দামের ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হয়। আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এসব করছে।”
জুলাই পদযাত্রা উপলক্ষ্যে দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা এখন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছেন।
এই ঘটনার পর ঢাকায় অবস্থানরত দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করা হয়।
শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে আদীব বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে শহিদ পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা শহিদদের কবরগুলোতেও আক্রমণ করেছে। বিভিন্ন সময় আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা হয়। কোথাও কোনো আন্দোলন হলে পুলিশও জুলাইয়ের আহত সহযোদ্ধাদের ওপর হামলা করে।
“জুলাইয়ের ছাত্রজনতার দল এনসিপিকে দমিয়ে রাখার জন্য যেমনিভাবে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে, তেমনি ভাবে বার বার ককটেল হামলা চালোনা হচ্ছে। প্রতিটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া অভ্যুত্থানের সরকারের দায়িত্ব। এই সরকার যদি গণঅভ্যুত্থানের অংশ নেওয়াদের নিরাপত্তা দিতে না পারে তাহলে অভ্যুত্থানের শক্তি জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে।”
আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশ নিষ্ক্রীয় ভূমিকা পালন করছে। পরপর তিনবার ককটেল হামলা হলেও গোয়েন্দা সংস্থাগুলো কাউকে চিহ্নিত করতে পারছে না। রাষ্ট্রের এই সংস্থাগুলোকে অতি দ্রুত সংস্কার করার জোর দাবি জানাচ্ছি,” বলেন আদীব।
বিক্ষোভ সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, নিজাম উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, এসএম শাহরিয়ার, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।