প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১২ নভেম্বর , ২০২৫
নাশকতা প্রতিরোধে সারা দেশে সড়কে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। বুধবার রাজধানীতে এক ঘোষণায় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান এ কর্মসূচি জানান।
তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা রোধে বৃহস্পতিবার দেশব্যাপী আট দলীয় জোটের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেবেন। আওয়ামী লীগের ঘোষিত ঢাকায় লকডাউন কর্মসূচির প্রেক্ষিতেই এই অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
মুজিবুর রহমান বলেন, “আমরা সব দেশপ্রেমিক ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে আমাদের সঙ্গে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি।”
এদিকে, পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ও এর সমমনা দলগুলো।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। এজন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। যদি আলোচনার পরও দাবি পূরণ না হয়, তবে আমরা তার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করব।”
দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, রোববার সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন। দাবি আদায় না হলে সেখান থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমাদের প্রধান দাবি হলো—জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে।”
তিনি আরও জানান, তারা চান জাতীয় নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হোক।