প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ মার্চ , ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত যুবকের নাম আল-আমিন (৩২)। তিনি দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
ইউএনও জানান, শুক্রবার রাতে আল-আমিনকে পুটিয়া সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
বিজিবি-৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। লাশ ফেরত দেওয়ার জন্য পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে।