শাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অভ্যন্তরের টিলাগুলোতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি টিলায় কয়েকবার আগুন লাগার ঘটনায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্যাম্পাসস্থ টিলা এলাকায় একাধিকবার আগুন লেগে যাওয়াসহ গাছপালার ক্ষতি, পরিবেশের বিপর্যয় এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে টিলাসমূহে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।’
শাবি প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে অবস্থিত টিলাগুলোর পরিবেশ সংরক্ষণের জন্য মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা অভিযোগ পেয়েছি, সম্প্রতি টিলাগুলোতে কৃত্তিমভাবে আগুন লাগানো হয়েছে। তাই বহিরাগত মানুষের অবাধ প্রবেশ ঠেকাতে অপ্রয়োজনীয় পকেট গেইটগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে স্থানগুলোতে আগুন লাগছে সেগুলো শিক্ষার্থী বা বহিরাগত কারোর জন্য চলাচলের উপযোগী নয়।’
উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ১১ ও ২৩ ফেব্রুয়ারি গাজীকালুর টিলায় অগ্নিকাণ্ডসহ গত কয়েক বছরের ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত টিলাগুলোতে ৭ থেকে ৮ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।